আইফোনে আইটেস্ট!

৪ অক্টোবর, ২০২১ ১৩:১২  
আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহার করে এবার রোগীর চোখ পরীক্ষা করলেন একজন চিকিৎসক। এই চক্ষু বিশেষজ্ঞের নাম টমি কর্ন। আইফোনের নতুন ম্যাক্রো মোড কাজে লাগিয়ে রোগীর চোখ পরীক্ষা করার পর কর্নিয়া প্রতিস্থাপন করেছেন ক্যালিফোর্নিয়ার শার্প হেলথ কেয়ারের এই বিশেষজ্ঞ চিকিৎসক। আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহার করে কীভাবে রোগীর চোখ পরীক্ষা করলেন, তা লিংকডইনে জানিয়েছেন টমি কর্ন। তিনি লিখেছেন, ‘চোখের ম্যাক্রো ছবি তোলার জন্য এই সপ্তাহে আইফোন ১৩ প্রো ম্যাক্স ব্যবহার করছি। চমৎকার।’ সঙ্গে মজা করে যোগ করেছেন, এই প্রো-ক্যামেরায় একটি ফোনকল করার অ্যাপও আছে! আইফোন ১৩ প্রো মডেলের স্মার্টফোনের নতুন সুবিধাগুলোর একটি ক্যামেরায় ম্যাক্রো মোডের সংযোজন। এতে ফোকাস ঠিক রেখে খুব কাছের বিষয়বস্তুর ছবি ও ভিডিও ধারণ করা যায়। বেশির ভাগ ব্যবহারকারী সেটি প্রাকৃতিক কিছুর ছবি তুলতে ব্যবহার করেন, যেমন শিশিরবিন্দু কিংবা ছোট্ট পিঁপড়া। তবে চিকিৎসক টমি কর্ন তাঁর রোগীর চোখ পরীক্ষায় কাজে লাগিয়েছেন আইফোনের নতুন ম্যাক্রো মোড। নতুন সুবিধাটি কীভাবে টেলিমেডিসিনে কাজে লাগানো যায়, তা নিয়ে আরেক চক্ষু বিশেষজ্ঞ জেফরি লুইসের সঙ্গে আলোচনা করেছেন টমি কর্ন। আইফোন ১৩ প্রোতে নতুন ক্যামেরা মোড থাকলেও ম্যাক্রো ছবি তোলার জন্য বিশেষায়িত লেন্স রাখেনি অ্যাপল। এর বদলে ‘প্রো’ মডেলগুলোতে নতুন প্রযুক্তির আলট্রা-ওয়াইড লেন্স যুক্ত করেছে, যা দিয়ে এফ ১.৮ অ্যাপারচারে ছবি তোলা যায়। এই লেন্সটির ফিল্ড অব ভিউ ১২০ ডিগ্রি। আইফোনের ম্যাক্রো মোডে দুই সেন্টিমিটার ব্যবধানের বিষয়বস্তুর ছবিও তোলা যায়।